সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
মৌসুমীমাস খানেক আগেই জানা গিয়েছিল, মেয়ে ফাইজার জন্মদিনে নতুন ছবির নাম ঘোষণা করবেন অভিনেত্রী মৌসুমী। অক্টোবরের ২৯ তারিখ মৌসুমীর মেয়ে ফাইজার জন্মদিন। সেদিনই মৌসুমী প্রযোজিত এই নতুন ছবির নাম ঘোষণা করার কথা। শুরুতে এ ছবির নাম ‘আমি এতিম হতে চাই’ রাখা হলেও এখন আবারও নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। প্রথম আলোকে গতকাল শুক্রবার রাতে এমনটাই জানিয়েছেন মৌসুমী। এর মধ্যে ছবির নাম পরিবর্তন করা হলেও ঠিক এখনই ছবির নাম ঘোষণা করতে চাইছেন না মৌসুমী। অবশ্য তিনি জানিয়েছেন— নতুন ছবিটিই এখন তাঁর ধ্যানজ্ঞান।
এই অক্টোবরেই যেহেতু নতুন ছবির কাজ শুরু করবেন মৌসুমী, তাই এখন বেশ ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটছে সময় তাঁর। তিনি এ প্রসঙ্গে বললেন, ‘আমার এখনকার ধ্যানজ্ঞান সবকিছুই নতুন ছবিটি নিয়ে। অনেক কিছু ভাবতে হচ্ছে। এখন কিন্তু দর্শকদের রুচির ক্ষেত্রে অনেক বড় একটা পরিবর্তন এসেছে। তাই দফায় দফায় ছবিটি নিয়ে বসতে হচ্ছে। শুক্রবার সারাটা বিকেল ছবিটির গল্প নিয়ে বসেছিলাম। অনেক আলোচনা হয়েছে। মনে হচ্ছে, ভিন্ন কিছু দর্শকদের উপহার দিতে পারব।’
‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে অভিনয়ের মাধ্যমেই ঢাকাই চলচ্চিত্রে নাম লিখিয়েছিলেন মৌসুমী। ২৩ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি অনেক ছবিতেই অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি একটা সময় ছবি প্রযোজনার কথা ভাবেন মৌসুমী। সে ভাবনা থেকেই ১৯৯৭ সালে ‘কপোতাক্ষ চলচ্চিত্র’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেন। এ প্রতিষ্ঠান থেকে মৌসুমীর নির্মিত প্রথম ছবি ‘গরীবের রানী’। এর পর যথা বিরতিতে মুশফিকুর রহমান গুলজারকে দিয়ে ‘সুখের ঘরে দুখের আগুন’ ও মনতাজুর রহমান আকবরকে দিয়ে ‘আমার বউ’ ছবি দুটি নির্মাণ করেন। তারপর আর ‘কপোতাক্ষ চলচ্চিত্র থেকে কোনো ছবি নির্মিত হয়নি।
দীর্ঘ সাত বছর পর নতুন এই ছবির মাধ্যমেই আবারও ছবি নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছেন মৌসুমী। এ ছবিতে মৌসুমী ও ওমর সানির অভিনয়ের ব্যাপারটি পুরোপুরি নিশ্চিত। এ ছবিতে থাকছেন কলকাতার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তও। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন মৌসুমীর স্বামী ও ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানি। তিনি বলেন, ‘সবাই যাতে দেখতে পারে তেমন একটা ছবি বানানোর পরিকল্পনাই আমরা করেছি। ছবিটির ব্যবসায়িক দিকটাও আমরা খেয়াল রাখব।www.facebook.com/ab.mamun15
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন