ফিরছেন অমৃতা

সর্বশেষ সাইফ চন্দনের টার্গেট ছবির শুটিংয়ে ক্যামেরার সামনে দেখা গেছে তাঁকে। সময়টা গত বছরের ডিসেম্বরের শুরুর দিকের। এরপর কেটে গেছে কয়েক মাস। এই সময়ের মধ্যে ক্যামেরার সামনেই আর দাঁড়াননি অমৃতা খান।
কারণ কী? অমৃতা বলেন, ‘প্রায় ছয় মাস পরিবারের সঙ্গে দেশের বাইরে বাবার কর্মস্থলে ছিলাম। এরপর দেশে ফিরে লেখাপড়ায় সময় দিয়েছি। এর মধ্যে ও-লেভেল পরীক্ষাও শেষ করেছি।’
অমৃতা জানান, এখন নিজেকে মোটামুটি গুছিয়ে এনেছেন তিনি। প্রস্তুত হচ্ছেন অভিনয়ের জন্য। সামনে সোনার চর নামে একটি চলচ্চিত্রে অভিনয় করার কথা আছে তাঁর। আর এই ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই আবারও চলচ্চিত্রে ফিরছেন তিনি। ছবিটি পরিচালনা করবেন জাহিদ হোসেন। অমৃতা বলেন, ‘ছবিটিতে কাজের জন্য পরিচালকের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। ছবির গল্প আমাকে শুনিয়েছেন তিনি। ভালো লেগেছে। আগামী নভেম্বর মাসের শেষের দিক থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।’
এ ব্যাপারে জাহিদ হোসেন বলেন, ‘গল্পের সঙ্গে অমৃতাকে ভালো মানিয়ে যায়। এ জন্য ওর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে রেখেছি। ঈদের পরপরই আরও যেসব শিল্পীকে ছবিটিতে নেওয়া হবে, তাঁরাসহ একসঙ্গে অমৃতাকে চুক্তিবদ্ধ করা হবে।’
নতুন ছবির গল্প প্রসঙ্গে পরিচালক জানান, এক প্রেমিক-প্রেমিকার স্বপ্নের চরই সোনার চর। ভালোবাসার চড়াই-উতরাই পেরিয়ে দুজন সেখানেই যেতে চায়।
পরিচালক বলেন, ‘গল্পটির প্রেক্ষাপট ১৯৭১ সাল থেকে আশির দশকজুড়ে, যে সময়ে আমাদের এখানে মৌলবাদের উত্থান শুরু হয়েছিল।’
পরিচালক জানান, অমৃতা ছাড়াও ছবিতে আল মনসুর ও রোকেয়া প্রাচীর অভিনয় করার কথা আছে।

মন্তব্যসমূহ