এর দ্বারা পোস্ট করা
Unknown
এই তারিখে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
স্পোর্টস ডেস্ক, The BANGLADESH Today
ক্রিস্তিয়ানো রোনালদো, করিম বেনজেমাদের অসংখ্য সুযোগ হাতছাড়ার মাসুল দিয়েছে রিয়াল মাদ্রিদ। মালাগার সঙ্গে গোলশূন্য ড্র করে লা লিগার শীর্ষে ফেরার সুযোগ হারিয়েছে রাফায়েল বেতিনিসের দলটি।
শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে শুরু থেকেই মালাগার রক্ষণভাগের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে রিয়াল। তৃতীয় মিনিটেই প্রথম সুযোগটি তৈরি করে তারা। হতাশার শুরুও তখন থেকেই।
ক্রিস্তিয়ানো রোনালদো-করিম বেনজেমারা একের পর এক আক্রমণ গড়লেও প্রথমার্ধে একবারও অতিথি গোলরক্ষক কার্লোস কামেনিকে পরাস্ত করে বল জালে পাঠাতে পারেননি।
সব ধরনের ফুটবলে পাঁচশ’ গোলের অনন্য অর্জনের এক ধাপ দূরে থাকা রোনালদো প্রথম সুযোগটি পান ষষ্ঠ মিনিটে। ক্লাব ফুটবলে ৪৪৪ ও পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে ৫৫ গোল করা এই ফরোয়ার্ডের প্রথম প্রচেষ্টা অল্পের জন্য ক্রসবারের উঁপর দিয়ে চলে যায়।
চলতি মৌসুমে লা লিগায় এখনও কোনো গোল করতে না পারা মালাগা খেলার ধারার বিপরীতে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যেতে পারতো। হোসে রেসিওর প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে স্বাগতিকদের গোলরক্ষক ত্রাতা কেইলর নাভাস।
অষ্টম মিনিটে রোনালদোর একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়। দুই মিনিট পর মার্সেলোর দারুণ ক্রস লাফিয়ে হেড করলেও লক্ষ্যে রাখতে পারেননি তিনি। ২৯তম মিনিটে দানি কারভাহালের ক্রসে হেড করে আবার একই অভিজ্ঞতা হয় পর্তুগিজ ফরোয়ার্ডের।
৩২তম মিনিটে হেসে রদ্রিগেসের দারুণ একটি প্রচেষ্টা ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন কামেনি। দুই মিনিট পর রোনালদোর হতাশা আরও বাড়ান এই গোলরক্ষক। ৪৩তম মিনিটে রোনালদোর আরেকটি প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবার রোনালদোকে হতাশ করেন কামেনি। ৪৭তম মিনিটে রোনালদোর দারুণ ভলি ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ক্যামেরুনের এই গোলরক্ষক। দুই মিনিট পর ফ্রি কিক ঠেকিয়ে রিয়ালকে বাঁচান নাভাস।
৭১তম মিনিটে প্রতি আক্রমণ থেকে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় মালাগা। নুরদিন আমরাবাত অনেকটা দৌড়ে রিয়ালের ডি বক্সে ঢুকে পড়েলেও লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে দলকে হতাশ করেন।
৭৬তম মিনিটে কামেনির মারাত্মক এক ভুলে গোল পেয়ে যাচ্ছিল রিয়াল। গোলরক্ষকের হাত ফস্কে বেরিয়ে যাওয়া বল গোললাইন অতিক্রম করার মুহূর্তে কোনো মতে ফেরান ওয়েলিংটন। সেই মিনিটেই মার্সেলোর মুখে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেন মরোক্কোর মিডফিল্ডার আমরাবাত।
১০ জনের দলে পরিণত হওয়া মালাগার ওপর চাপ আরও বাড়ায় রিয়াল। তবে নিজেদের রক্ষণ সামলে সুযোগ পেলেই প্রতি আক্রমণে স্বাগতিকদের পরীক্ষায় ফেলে মালাগা।
৯০তম মিনিটে অফসাইডের জন্য বাতিল হয়ে যায় লুকা মদ্রিচের গোল। যোগ করা সময়ে উল্টো গোল খেতে বসেছিল রিয়াল। রিকার্দো হোর্তার শট একজনের গায়ে লেগে অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।
যোগ করা সময়ে মার্সেলোর দারুণ এক ক্রসে হেড করেও লক্ষ্যে রাখতে পারেননি রোনালদো। খেলার একেবারে শেষ সময়ে আবার হেড করেন তিনি কিন্তু এবারও লক্ষ্য খুঁজে পাননি। ফলে লিগের শীর্ষেও ফেরা হয়নি স্পেনের সফলতম দলটি।
দিনের অন্য ম্যাচে লাস পালমাসকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে ফেরে বার্সেলোনা (১৫)। মালাগার সঙ্গে ড্র করে ১৪ পয়েন্ট নিয়ে আপাতত দুই নম্বরে রয়েছে রিয়াল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন