হার দিয়ে সফর শুরু সালমাদের

পরাজয় দিয়েই পাকিস্তান সফর শুরু হল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। দুই ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের নারী ক্রিকেট দলের কাছে ২৯ রানে হেরেছে বাঘিনীরা।
করাচির সাউথ্যান্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। স্কোরবোর্ডে ১ রান তুলতেই সাজঘরে ফেরেন ওপেনিং ব্যাটার মারিনা ইকবাল। বাংলাদেশী উইকেটরক্ষক নিগার সুলতানার বিচক্ষণতায় ইনিংসের শুরুতেই সাজঘরে ফেরেন তিনি।
তবে এরপর বাংলাদেশী বোলারদের বেশ ভালোই ভুগিয়েছেন জাভেরিয়া খান ও বিসমাহ মারুফ। দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে দলের সাথে যোগ করেন ৮৭ রান। ৪৪ রান করে জাভেরিয়া নাহিদা আক্তারের বলে আউট হলেও বিসমাহ তুলে নেন ফিফটি।
ইনিংসের শেষদিকে অবশ্য তিনটি উইকেট লাভের আনন্দ পান বাংলাদেশী বোলাররা। যদিও দারুণ খেলা বিসমাহ অপরাজিত থাকেন ৬৫ রান করে। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার ২টি এবং ফাহিমা খাতুন ও জাহানারা আলম ১টি করে উইকেট পেয়েছেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারানো পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১২৪ রান।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ধীর গতিতে এগোতে থাকে বাংলাদেশের ইনিংস। এর মধ্যেই দলীয় ১৯ রানে অপানের শারমিন আক্তার সাজঘরে ফেরেন। ভালো খেলতে থাকা আয়েশা রহমানও এর কিছুক্ষণ পর আউট হন ব্যক্তিগত ২৩ রানের মাথায়।
পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপকে মোকাবেলা করার চেষ্টা করেও ২৩ রান করে ফারজানা হক ও ২২ রান করে রুমানা আহমেদ সাজঘরে ফেরেন। দুই অভিজ্ঞ ব্যাটারের বিদায়ে কোণঠাসা হয়ে পরে বাংলাদেশ। শেষদিকের ব্যাটাররা ব্যস্ত ছিলেন কেবল মাঠে আসা-যাওয়াতেই। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৯৫ রান। ফলে ২৯ রানে হেরে যায় বাংলাদেশ।
পাকিস্তানের বিসমাহ মারুফ হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন পাকিস্তানের নারীরা।
স্কোরকার্ড
টসঃ পাকিস্তান
পাকিস্তানঃ ১২৪/৫ (২০ ওভার)
বিসমাহ ৬৫*, জাভেরিয়া ৪৪
নাহিদা ১৭/২, জাহানারা ১০/১, ফাহিমা ১৭/১
বাংলাদেশঃ ৯৫/৭ (২০ ওভার)
আয়েশা ২৩, ফারজানা ২৩, রুমানা ২২
আনাম ১৭/২
ফলঃ পাকিস্তান ২৯ রানে জয়ী
ম্যাচ সেরাঃ বিসমাহ মারুফ (পাকিস্তান)

মন্তব্যসমূহ