ভারতের বিরুদ্ধে বড় জয় পেল দক্ষিণ আফ্রিকা

ঢাকা: ধর্মশালার হিমাচল প্রদেশ এসোসিয়েশন স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে স্বাগতিক টিম ইন্ডিয়াকে ৭ উইকেট হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারী প্রোটিয়ারা।
ব্যাটিংয়ে নেমে দলকে জেতাতে অসাধারণ এক জুটি গড়েন জেপি ডুমিনি আর ফারহান বেহারদিয়েন। ওপেনিং জুটিতে দারুণ করার পর শেষটাও ভালো করে প্রোটিয়ারা। আগে ব্যাটিং করা টিম ইন্ডিয়া ৫ উইকেট হারিয়ে তোলে ১৯৯ রান। রানের পাহাড় তাড়া করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা।
টস জিতে আগে ফিল্ডিং নিয়ে ফাফ ডু প্লেসিস মাঠে দাঁড়িয়ে দেখেছেন রোহিত শর্মার তাণ্ডব। মাত্র ৬৬ বলে ১০৬ রান করেছেন ভারতের ওপেনার। তার ইনিংসটি সাজানো ছিল ১২টি চার আর ৫টি ছক্কায় ১৬০.৬০ স্ট্রাইক রেটে।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে স্বাগতিকরা।
২০০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই করে প্রোটিয়ারা।
ওপেনার হাশিম আমলা আর এবিডি ভিলিয়ার্স উদ্বোধনী জুটিতে ৪৬ বলে ৭৭ রান তুলে ফেলেন। আমলা ব্যক্তিগত ৩৬ রানে ফিরে যান। রান আউট হওয়ার আগে প্রোটিয়া এ ওপেনার ২৪ বলে ৫টি চারে তার ইনিংসটি সাজান।
৩২ বলে ৭টি চার আর একটি ছক্কায় ভিলিয়ার্স করেন ৫১ রান।
শেষ দুই ওভারে সফরকারীদের দরকার ছিল ২৪ রান, হাতে ছিল ৭ উইকেট। শেষ ওভারে আরও প্রয়োজন হয় ১০ রান। ২ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে দ. আফ্রিকা।

মন্তব্যসমূহ