এর দ্বারা পোস্ট করা
Unknown
এই তারিখে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ইংল্যান্ডের সতর্ক ব্যাটিংয়ে আবু ধাবি টেস্টের তৃতীয় দিন ছিল মন্থর ক্রিকেটের একটি দিন। সারা দিনে ৮৯ ওভারে ইংল্যান্ড রান তুলেছে ২৩৪।
শেষ বিকেলে ইয়ান বেল (৬৩) ও নাইটওয়াচম্যান মার্ক উডকে (৪) ফিরিয়ে পাকিস্তানকে কিছুটা হলেও ম্যাচে ফেরান ওয়াহাব রিয়াজ। তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ২৯০। পাকিস্তান প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৮ উইকেটে ৫২৩ রানে।
ক্যারিয়ারের তৃতীয় দ্বিশতকের হাতছানিতে চতুর্থ দিন শুরু করবেন কুক। তৃতীয় দিন শেষ করেছেন তিনি ১৬৮ রান নিয়ে।
পাকিস্তানের বিপক্ষে এর আগেও তিনটি শতক ছিল কুকের। কিন্তু টেস্টে সবচেয়ে মলিন রেকর্ডও ছিল তাদের বিপক্ষেই। এই টেস্টের আগে পাকিস্তানের বিপক্ষেই তার ব্যাটিং গড় ছিল সবচেয়ে বাজে, ৩৬.৪৫। এই এক ইনিংসেই সেই গড় বেড়ে দাঁড়িয়েছে এখন ৪৪.৮৫!
শুধু কুকের ব্যাটে বড় ইনিংসই নয়, ইংল্যান্ডের জন্য স্বস্তি হয়ে এসেছে আরও দুজনের ব্যাটে রান। প্রথম জন মঈন আলি। এমন কোনো রান অবশ্য করেননি, আউট হয়েছেন ৩৫ রানে। তবে অনেকটা সময় উইকেটে থেকে কুকের সঙ্গে গড়েছেন ১১৬ রানের উদ্বোধনী জুটি।
উদ্বোধনী জুটির ব্যর্থতা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল ইংল্যান্ডের জন্য। গত অ্যাশেজ জিতলেও গোটা সিরিজে তাদের সেরা উদ্বোধনী জুটি ছিল ৩২ রানের! কুক আর মঈন নতুন জুটির শুরু করলেন শতরানে।
ইয়ান বেলের ব্যাটে রানও ইংল্যান্ডের জন্য বড় সুখবর। অ্যাশেজে বড় ইনিংস খেলতে না পারায় অবসরের কথাও ভাবছিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। সমালোচকদের চাপও কম ছিল না। শতক করতে না পারলেও ৬৩ রানের ইনিংসটি আত্মবিশ্বাস জোগাবে ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যানকে।
দিনজুড়েই অবশ্য লড়াই করতে হয়েছে বেলকে। টাইমিং হচ্ছিল না একদমই। এক পর্যায়ে রান ছিল ৩৫ বলে ১! তবে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় উইকেট আঁকড়ে রেখেছেন। শেষ বিকেলে আউট হয়েছেন ১৯৯ বলে ৬৩ করে। কুকের সঙ্গে দ্বিতীয় উইকেট ততক্ষণে গড়েছেন ১৬৫ রানের জুটি।
কুক খেলেছেন শান্ত, ধীরস্থির, দলকে নির্ভরতা জোগানো এক ইনিংস। খুব বেশি শট খেলার পথে হাঁটেননি, অপেক্ষা করেছেন বাজে বলের। সুইপ শটে এমনিতে খুব একটা স্বচ্ছন্দ না হলেও এদিন পাক স্পিনারদের খেলেছেন বেশ ভালো কিছু সুইপ। হয়ত ব্যাটিং পরামর্শক হিসেবে মাহেলা জয়াবর্ধনেকে পাওয়ার তাৎক্ষণিক ফল!
২৮তম টেস্ট শতকে কুক পেছনে ফেলেছেন সাবেক দুই বাঁহাতি অ্যালান বোর্ডার ও গ্রায়েম স্মিথকে। পাশে বসেছেন সদ্য বিদায়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্কের।
এশিয়ায় এটি অষ্টম শতক কুকের। এশিয়ার বাইরের ব্যাটসম্যানদের মধ্যে এশিয়ায় সবচেয়ে বেশি শতকের রেকর্ডে তিনি ছুঁলেন জ্যাক ক্যালিসকে।
মাত্র একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামা পাকিস্তানের বোলাররা সুবিধা করতে পারেনি মরা উইকেটে। ৩৮ ওভার বল করেও উইকেট পাননি বাঁহাতি স্পিনার জুলফিকার বাবর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন