বিপিএলে তৃতীয় আসরে লটারির মাধ্যমে ঠিক হয়েছে আইকন ক্রিকেটারদের দল। বৃহস্পতিবার সকালে প্লেয়ার বাই চয়েজ পদ্ধতিতে পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়ান ফ্র্যাঞ্চাইজিরা। সবার শেষে অনুষ্ঠিত হয় আইকন ক্রিকেটারদের লটারি।
লটারিতে প্রথম হয়ে সবার আগে আইকন ক্রিকেটার পছন্দের সুযোগ পায় রংপুর রাইডার্স। ছয় তারকার মাঝে তারা বেছে নেয় শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বিপিএলের গত দুই আসরে অলরাউন্ডিং নৈপুণ্য দেখিয়ে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফিকে নিয়েও জল্পনা-কল্পনার শেষ ছিলনা। দ্বিতীয় দল হিসেবে আইকন ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ পেয়ে মাশরাফিকে হাতছাড়া করার মতো ভুল করেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
তৃতীয় দল হিসেবে আইকন ক্রিকেটার ডাকে বরিশাল বুলস। অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে আইকন হিসেবে পছন্দ করে ফ্র্যাঞ্চাইজিটি। লটারিতে চার নম্বর হয় চট্টগ্রাম ভাইকিংস। বরিশালের পর আইকন ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ আসে তাদের হাতে। সু্যোগ পেলে লোকাল হিরো তামিম ইকবালকেই দলে টানবে চট্টগ্রাম ভাইকিংস, এমন গুঞ্জন আগে থেকেই শোনা যাচ্ছিল। অবশেষে দেশসেরা এ ওপেনারকেই দলে নেয় ভাইকিংস।
চট্টগ্রামের পর সিলেট সুপার স্টার্স আইকন ক্রিকেটার বাছাই করার সুযোগ পায়। নাসির ও মুশফিকুর রহিম, ছয় জনের মধ্যে বাকি ছিল এ দুজন। সাদা পোশাকের অধিনায়ক মুশফিককেই দলে টানে তারা। শেষ দল হিসেবে আইকন ক্রিকেটার দলে ভেড়ায় ঢাকা ডায়নামাইটস। হাতে তখন অলরাউন্ডার নাসির হোসেন ব্যতীত আর কোনও বিকল্পও ছিলনা। তাই নাসিরকেই আইকন হিসেবে পায় দলটি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন