এর দ্বারা পোস্ট করা
Unknown
এই তারিখে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
লিগে টানা দুটি ড্রয়ের ধাক্কা সামলে জয়ের পথে ফেরার লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ লেভান্তে বড় কোনো দল নয়। তবে চোট যেভাবে জেঁকে বসেছে তাতে একেবারে নির্ভারও হতে পারছেন না রিয়াল কোচ রাফায়েল বেনিতেস। ছোট্ট ভুলও যে বড় কোনো অঘটনের কারণ হতে পারে।
প্রতিপক্ষের ‘বাজে’ পারফরম্যান্সও আশা জোগাচ্ছে রিয়াল সমর্থকদের। ম্যাচটি ঘরের মাঠে হওয়ায় বাড়তি সুবিধাও থাকছে। চোট সমস্যা থাকলেও তাই ছন্দে ফেরার প্রত্যয় ক্রিস্তিয়ানো রোনালদো-গ্যারেথ বেলদের।
সান্তিয়াগো বের্নাবেউয়ে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে লা লিগার অষ্টম রাউন্ডের ম্যাচটি।
স্পোর্তিং গিহনের সঙ্গে গোলশূন্য ড্রয়ে লিগ শুরু করা বেনিতেসের দল গত মাসের শেষ সপ্তাহে বের্নাবেউয়ে মালাগার সঙ্গেও একই স্কোরেলাইনে ড্র করে। পরের ম্যাচে আতলেতিকো মাদ্রিদের মাঠ থেকে ১-১ এ ড্র করে ফেরে রিয়াল।
অন্যদিকে, লেভান্তের এবারের মৌসুমের ফর্ম একেবারেই যাচ্ছেতাই। সাত ম্যাচে মাত্র ৬ পয়েন্ট পাওয়া দলটি নেমে গেছে অবনমন সীমানায়। জয় মাত্র একটি। তাতেই অবশ্য কক্ষপথে ফেরার প্রেরণা পাচ্ছে অষ্টাদশ স্থানে থাকা দলটি। আন্তর্জাতিক সূচি শুরুর আগে শেষ রাউন্ডে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়েছিল লেভান্তে।
লেভান্তে ছন্দে ফেরার সম্ভাবনা জাগিয়েছে ঠিক, কিন্তু তারা শনিবার রিয়ালের জয়ে ফেরার পথে মূল বাধা নয়। বের্নাবেউয়ের দলটির বড় দুশ্চিন্তার নাম চোট। মূল খেলোয়াড়দের অনেকেই চোটের কারণে রয়েছেন বাইরে।
মৌসুমের শুরু থেকেই ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছিলেন করিম বেনজেমা। গত সপ্তাহে দেশের হয়ে আর্মেনিয়াকে ৪-০ ব্যবধানে হারানোর ম্যাচেও জোড়া গোল করেন তিনি। ওই ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের (পায়ের পেশির) চোট পেয়ে ছিটকে পড়েন তিনি। দেশের হয়ে খেলতে গিয়ে চোট নিয়ে ফেরেন মাঝমাঠের তারকা লুকা মদ্রিচও।
আক্রমণভাগের অধারাবাহিক পারফরম্যান্সও রিয়ালের দুশ্চিন্তার কারণ। দলের সবচেয়ে বড় তারকা রোনালদো গোল পাচ্ছেন ঠিকই, কিন্তু ধারাবাহিকতার বড্ড অভাব। লিগের সাত ম্যাচের মাত্র একটিতে গোল করেন তিনি; এসপানিওলকে ৬-০ ব্যবধানে হারানো ম্যাচে একাই করেন ৫ গোল। সব প্রতিযোগিতা মিলে এই মৌসুমে এ পর্যন্ত ১০টি গোল করেছেন পর্তুগিজ তারকা।
ওয়েলসের ফরোয়ার্ড বেলও গোল পাচ্ছেন না। রিয়াল বেতিসের বিপক্ষে লিগ ম্যাচে মৌসুমের প্রথম ও একমাত্র গোলটি করেন তিনি।
লেভান্তে তাই যতই ‘পুঁচকে’ দল হোক না কেন, রিয়ালকে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করতে সতর্ক থাকতেই হবে। রোনালদো-বেলদের ছন্দে ফেরাটাই যেখানে হয়ে উঠবে মুখ্য বিষয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন