এর দ্বারা পোস্ট করা
Unknown
এই তারিখে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ

ওয়ানডেতে নিজেদের অসাধারণ সাফল্যযাত্রা জিম্বাবুয়ে সিরিজেও ধরে রাখতে চান মাশরাফি বিন মুর্তজা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেছেন, হুট করে আয়োজিত এই সিরিজ ধারাবাহিকতা ধরে রাখার সুযোগ।
৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগামী ২ নভেম্বর ঢাকায় আসছে জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ৭, ৯ ও ১১ নভেম্বর। দুটি টি-টোয়েন্টি ১৩ ও ১৫ নভেম্বর।
গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হয়েছিল বাংলাদেশের অবিস্মরণীয় জয়যাত্রা। দেশের মাটিতে জিম্বাবুয়েকে ৫-০ ব্যবধানে হারানোর পর এ বছর বিশ্বকাপে প্রথমবারের মত কোয়ার্টার-ফাইনালে খেলেছে বাংলাদেশ। এরপর টানা তিন সিরিজে হারিয়েছে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে।
বছরের বাকি সময়টায় আর ওয়ানডে ছিল না বাংলাদেশের। দীর্ঘ বিরতিতে জয়রথের চাকায় মরচে পড়ার শঙ্কা খানিকটা ছিলই। এই সিরিজকে তাই দারুণ পাওয়া বলছেন মাশরাফি।
“ওয়ানডেতে এই বছর আমরা দারুণ খেলেছি। কিন্তু দীর্ঘ দিন বিরতি থাকলে ধারাবাহিকতা ধরে রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে। সে দিক থেকে এই সিরিজ আমাদের বেশ কাজে দেবে। আগে যেমনটা ছিল, এখন ততটা লম্বা বিরতি পড়ছে না।”
গত নভেম্বরের জিম্বাবুয়ে সিরিজ দিয়েই নেতৃত্বের নতুন অধ্যায় শুরু হয়েছিল মাশরাফির। বছর ঘুরে আবার জিম্বাবুয়েকে পেয়ে রোমাঞ্চিত বাংলাদেশ অধিনায়ক।
“জিম্বাবুয়ে আমাদের চেনা প্রতিপক্ষ। তাদের বিপক্ষে আমাদের রেকর্ড ভালো। আশা করি জয়ের ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারব।”
খুব অল্প সময় পেয়েও এই সিরিজটা আয়োজন করায় দুই দেশের বোর্ডকেই ধন্যবাদ জানিয়েছেন মাশরাফি।
“সত্যি বলতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজটি হলেই আমি বেশি খুশি হতাম। কিন্তু সেখানে তো আমাদের কিছু করার নেই। তাড়াহুড়ো করে এত অল্প সময়ে বিসিবি এই উদ্যোগটি নিয়েছে, জিম্বাবুয়েও সাড়া দিয়েছে, দুই বোর্ডেরই ধন্যবাদ প্রাপ্য।”
অধিনায়ক নিজে অবশ্য খানিকটা চিন্তিত নিজেকে নিয়েই। ডেঙ্গু জ্বরে সপ্তাহখানেক হাসপাতালে থেকে গত শুক্রবার ফিরেছেন বাড়ি। কিন্তু এখনও সুস্থ্ হতে পারেননি পুরোপুরি। শরীর এখনও দুর্বল, দিনের বেশিরভাগ সময় কাটছে বিশ্রামেই। চিকিৎসক বলে দিয়েছেন, অন্তত আগামী রোববারের আগে জিমে না যেতে। বরং দেরি হতে পারে আরও।
জিম্বাবুয়ে সিরিজের আগে জাতীয় লিগের একটি ম্যাচ খেলার ইচ্ছে তার।
“ইচ্ছে আছে ৩১ অক্টোবর থেকে জাতীয় লিগের শেষ রাউন্ড খেলতে। জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রস্তুতিটা তাহলে ভালো হতো। কিন্তু শরীরের এখনও যে অবস্থা, বুঝতে পারছি না জাতীয় লিগ খেলতে পারব কিনা। মাথা চক্কর দেয় প্রায়ই, শারীরিক দুর্বলতা কাটছেই না।”
তবে সিরিজ শুরুর আগে এখনও বেশ অনেকটা সময় আছে, সেটাই ভরসা জোগাচ্ছে অধিনায়ককে।
“৭ নভেম্বর তো প্রথম ওয়ানডে, সময় আছে এখনও। আশা করি, ততদিনে সব ঠিক হয়ে যাবে।”
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন