এর দ্বারা পোস্ট করা
Unknown
এই তারিখে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আবু ধাবি টেস্টের প্রথম ইনিংসে অভিষেকে সবচেয়ে বাজে বোলিংয়ের অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছিলেন আদিল রশিদ। দ্বিতীয় ইনিংসেই সেই রশিদই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়!
প্রথম টেস্টের শেষ দিনে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডকে অভাবনীয় এক জয়ের স্বপ্ন দেখিয়েছিল আদিল রশিদের বোলিং। অভিষিক্ত লেগ স্পিনার ৬৪ রানে ৫ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিয়েছিলেন পাকিস্তানের ব্যাটিং।
প্রথম ইনিংসে এই রশিদই ১৬৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। দুই ইনিংসের এই উল্টোমুখী যাত্র্রাই রশিদকে জায়গা করে দিয়েছে ইতিহাসে। ১৩৮ বছরের টেস্ট ইতিহাসে রশিদই একমাত্র বোলার, অভিষেকে প্রথম ইনিংসে একশ’ রান দিয়ে উইকেটশূন্য থাকার পর যিনি দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট!
এর আগে সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন রশিদেরই এক স্বদেশী। ১৯৭০ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৮১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন কেন শাটলওয়ার্থ; অভিষিক্ত পেসার দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৪৭ রান ৫ উইকেট।
শনিবার রশিদের দুর্দান্ত বোলিংয়েই জয়ের একটা আশা জাগিয়েছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত সময়ের সঙ্গে লড়াইয়ে ইংল্যান্ড পেরে ওঠেনি। কিন্তু রশিদ ঠিকই পেয়ে গেছেন মনে রাখার মত স্মৃতি।
অথচ টেস্ট ক্রিকেটের সঙ্গে তার প্রথম পরিচয়ের অভিজ্ঞতা বিভীষিকাময়। আবু ধাবি টেস্ট শুরু করেছিলেন টেস্ট ক্যাপ পাওয়ার স্বপ্ন পূরণের আনন্দে। সেই আনন্দ উবে গিয়েছিল দিন শেষে। টেস্ট ক্রিকেটে নিজের প্রথম দিনে ১৭ ওভারে দিয়েছিলেন ৭৬ রান।
টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পাওয়ার মাত্র নবম ঘটনা এটি। সবশেষটি ছিল সেই ১৯৯৬ সালে। ভারতের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনে প্রথম ইনিংসে ৭৫ রান দিয়ে উইকেট পাননি ল্যান্স ক্লুজনার, দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৬৪ রানে ৮ উইকেট!
রশিদের আগে অভিষেকে ৫ উইকেট পাওয়া সবশেষ ইংলিশ স্পিনার ছিলেন পিটার সাচ; ১৯৯৩ অ্যাশেজে ওল্ড ট্রাফোর্ডে।
অভিষেকে ৫ উইকেট পাওয়া সবশেষ লেগ স্পিনারের সন্ধান পেতে যেতে হবে সেই ১৯৩৩ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওভালে ক্যারিয়ারের একমাত্র টেস্ট খেলেছিলেন চার্লস ম্যারিয়ট। এই লেগ স্পিনার সেই টেস্টে দুই ইনিংসে নিয়েছিলেন ৫ ও ৬ উইকেট!
এত সব রেকর্ডে অভিষেকটা এখন আর ভুলে যাওয়ার মত কিছু নয় রশিদের জন্য। দু:স্বপ্নের প্রথম ইনিংস থেকেও এখন খুঁজে নিতে পারেন সান্ত্বনা। এত রান দিয়েছিলেন বলেই না নাম লেখাতে পারলেন অনন্য রেকর্ডে!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন