এর দ্বারা পোস্ট করা
Unknown
এই তারিখে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ব্যাটসম্যানদের দৃঢ়তায় আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় জয় পেয়েছে জিম্বাবুয়ে। শেষ দিকে রান-বলের লড়াইয়ে জমে ওঠা ম্যাচে ৬ উইকেটে জিতেছে স্বাগতিক দল।
এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ এ এগিয়ে গেল জিম্বাবুয়ে।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে আট উইকেটে ২২৩ রান করে আফগানিস্তান। সর্বোচ্চ ৫৬ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান নুর আলি জাদরান। ১০৮ বলে ধীরস্থির ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।
দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে মোহাম্মদ নবির ব্যাট থেকে। ৫৪ বলের ইনিংসে ২টি চার মারেন তিনি।
উইকেট ধরে রেখে খেলতে গিয়ে আফগানিস্তানের ওভার প্রতি রানের গড় এক সময় বেশ কম ছিল। তবে সাত নম্বরে নামা শফিকুল্লাহর ৩২ বলে ৩৫ রান এবং নয় নম্বরে নামা দৌলত জাদরানের অপরাজিত ১৪ বলে ২৩ রানে লড়াইয়ের পুঁজি গড়ে তারা।
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন শন উইলিয়ামস ও টেন্ডাই চিসোরো।
জবাবে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের দৃঢ়তায় শুরুটা ভালোই হয় জিম্বাবুয়ের। কিন্তু চামু চিবাবার আত্মঘাতী সিদ্ধান্তে দশম ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় তারা।
আমির হামজার বলে ঠিকমত টাইমিং করতে পারেননি। বল উইকেটে পড়ে ফিরে আসছিল স্টাম্পে। মুহূর্তের অসতর্কতায় হাত দিয়ে প্রায় ক্যাচের মতো ধরে চিবাবা বল সরিয়ে দেন। আফগান উইকেটকিপার মোহাম্মদ শাহজাদ আবেদন করতে ভুল করেননি। নিয়ম অনুযায়ী আম্পায়ারও তাকে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট ঘোষণা করেন!
তিন নম্বরে নামা ক্রেইগ আরভিনও বেশিক্ষণ উইকেটে টেকেননি। কিন্তু রিচমন্ড মুতুম্বামির দলীয় সর্বোচ্চ রানের ইনিংসে জয়ের পথে থাকে স্বাগতিকরা। ৯২ বলে ৭৪ রানের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।
পরে অধিনায়ক এল্টন চিগুম্বুরার অপরাজিত ৬২ বলে ২টি চারের সাহায্যে করা ৪৯ রানে দুই বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয় জিম্বাবুয়ের।
চিগুম্বুরার সঙ্গে ম্যাচ জেতানো পঞ্চম উইকেট জুটিতে সিকান্দার রাজার অবদানও কম নয়। ২৩ বলে ১টি করে চার ও ছক্কায় ২৯ রান করে অপরাজিত থাকেন তিনি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন